আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ উপ-নির্বাবনে প্রার্থীরা হলেন মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের মধ্যে আস্থা ফেরাতে জোড়দার নজরদারি চালানো হচ্ছে।
নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।


























