| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • উন্নয়ন ও আতিথেয়তায় থাইল্যান্ড বিশ্বের জন্য অনুকরণীয় মডেল: আইএমএফ প্রধান
  • উন্নয়ন ও আতিথেয়তায় থাইল্যান্ড বিশ্বের জন্য অনুকরণীয় মডেল: আইএমএফ প্রধান

    Icon
    মো. শরীফুল ইসলাম, ব্যাংকক, থাইল্যান্ড
    প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা ভিয়ের্গিয়েভা থাইল্যান্ডের উষ্ণ আতিথেয়তা, অনন্য সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেছেন, প্রবৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে থাইল্যান্ড বিশ্বের কাছে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত।

    ​রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের সমাপনী অধিবেশনে থাই নেতৃত্বের প্রশংসা করে তিনি এসব কথা বলেন।

    শনিবার (১৭ অক্টোবর) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ষষ্ঠ দিনের এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    আইএমএফ প্রধান বলেন, সঠিক নীতি গ্রহণ এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে একটি দেশ কীভাবে তার জনগণের সম্ভাবনাকে বিকশিত করতে পারে, থাইল্যান্ড তার বাস্তব প্রমাণ তুলে ধরেছে। তিনি থাই সমাজ ও জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আতিথেয়তার ধরণকে অসাধারণ আখ্যা দিয়ে উল্লেখ করেন, সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিরা থাইল্যান্ডের সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন।

    ​ভিয়ের্গিয়েভা রসিকতা করে বলেন, “পরবর্তীকালে যে দেশই এই শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে; কারণ থাইল্যান্ড আতিথেয়তা ও আয়োজনের মানদণ্ডকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”
    ​আইএমএফ এবং বিশ্বব্যাংকের এই মর্যাদাপূর্ণ সম্মেলনে বিশ্বের ১৯১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থনৈতিক নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাসহ ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলন চলাকালে থাইল্যান্ডের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ও পর্যটন খাত পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়।

    ​সমাপনী বক্তব্যে আইএমএফ প্রধান আরও জানান, থাইল্যান্ডের উন্নয়ন ও আতিথেয়তার এই ইতিবাচক বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হবে, যা অন্যান্য বিকাশমান অর্থনীতির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

    আরও পড়ুন