ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম ব্যাচের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল। তাঁর চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিলে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
নীল বর্তমানে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন রুমি। পাশাপাশি তিনি নীলের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
আজ বুধবারও (১৫ অক্টোবর) হাসপাতালে গিয়ে নীলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন রুমি। এ সময় তিনি রোগীর চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নীলের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীর অসুস্থতার সময়ে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগকে মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























