| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, বাংলাদেশ কী শিখবে?
  • বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, বাংলাদেশ কী শিখবে?

    Icon
    মো. শরীফুল ইসলাম, ব্যাংকক, থাইল্যান্ড
    প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

    বিদেশি বিনিয়োগ আকর্ষণে থাইল্যান্ডের বড় শক্তি হলো লক্ষ্যভিত্তিক শিল্পনীতি, বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা, প্রশাসনিক সেবা সহজ করা এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া। বৈদ্যুতিক গাড়ি, উন্নত ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, তথ্যকেন্দ্র ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামোতে বিনিয়োগ টানতে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

    বিপরীতে বাংলাদেশের রয়েছে বড় শ্রমশক্তি, তৈরি পোশাকশিল্পের অভিজ্ঞতা, সম্ভাবনাময় অভ্যন্তরীণ বাজার ও কৌশলগত ভৌগোলিক অবস্থান। এসব সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশও বিদেশি বিনিয়োগের বড় গন্তব্য হয়ে উঠতে পারে।

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণে থাইল্যান্ডের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে যৌথ শিল্পায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ।

    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, থাই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ, হালাল খাদ্য উৎপাদন ও শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এসব খাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে থাই ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। দুই দেশের মধ্যে যৌথ উৎপাদন নেটওয়ার্ক গড়ে তোলা এবং রেনং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সামুদ্রিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুন