| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

    উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে সেই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’

    সরকারি দায়িত্বকে জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ-সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানো প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’

    তিনি আরও বলেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করা উচিত। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার হাতে যত দিন সুযোগ রয়েছে, সেই সময়কে দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’

    সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ভবিষ্যতে আবারও বৈঠক করার কথা জানান তিনি। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন