| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩
  • সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

    সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়

    সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) নিশ্চিত করেছে যে, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিক নিহত হয়েছেন এবং সেখানে অন্তত ২৮ জন আহত হন। অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক প্রাণ হারান এবং ৮ জন আহত হন। আহতদের মধ্যে সৌদি আরব, বাংলাদেশ, মিশর ও ফিলিপাইনের নাগরিক রয়েছে বলে জানা গেছে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলোর একটি বুধবার এবং অন্যটি মঙ্গলবার হয়েছে। তবে কোন হামলাটি কোন দিনে হয়েছে, তা তারা জানায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে লড়াই করছে।

    তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জোটটি জানায়, তারা সাদা, হোদেইদাহ, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার মধ্যে সৌদি বিমানবন্দরে হামলাও ছিল।

    এর আগে বুধবার হুতিরা ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি জানায়, কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে গিয়ে পড়ে। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের অংশের জন্য এ বিমানবন্দরটি প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।

    সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটির গুরুত্ব আরও বেড়েছে।

    চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী প্রণালীর কাছে এবং মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করেছে। গত সেপ্টেম্বরে এসব এলাকা হুতিরা দখল করেছিল। তবে সরকারি বাহিনীর অগ্রযাত্রা কতটা ধরে রাখা যাবে, তা স্পষ্ট নয়।

    হুথি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিমানবন্দর, অবকাঠামো ও জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক এই ভয়াবহ হামলার পর বিমানবন্দর দুটিতে উদ্ধারকাজ চালানো হয় এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    হামলার প্রেক্ষিতে গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC) এবং একাধিক আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

     

    আরও পড়ুন