ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আজ ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বেচা-কেনা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়া ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই নির্দিষ্ট সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, প্রসেসিং, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মা ইলিশ সুরক্ষায় এই জাতীয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৮ অক্টোবর প্রথম প্রহর থেকে শুরু হওয়া এই ২২ দিনের অভিযান কঠোরভাবে সফল করতে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড, র্যা ব, বিজিবি এবং মৎস্য বিভাগ যৌথভাবে মাঠে থাকবে। নদী ও সাগরের পাশাপাশি বিভিন্ন মাছের আড়ত, পাইকারি ও খুচরা বাজার, বরফকলগুলোতেও বিশেষ নজরদারি ও অভিযান চালানো হবে।
এদিকে, নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়া তালিকাভুক্ত জেলেদের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হবে। নিবন্ধিত জেলে পরিবারগুলোতে প্রয়োজনীয় চাল বিতরণ কার্যক্রম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের নদ-নদীতে ভবিষ্যতে ইলিশের টেকসই উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।
আইন অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।






























