| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
  • লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

    Icon
    জেলা প্রতিবেদক, কুষ্টিয়া
    প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

    রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মাজার এলাকায় কিছু সময়ের জন্য তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

    বিকেলে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। মাজার পরিদর্শনের পর ভেতরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান শুনছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা লাইভ করছিলেন।

    মাজার থেকে বের হওয়ার সময় গেটের কাছে একদল যুবক তাঁর ওপর হামলা চালায় এবং ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে। এ সময় তাঁর সফরসঙ্গীদের তাড়া করার পাশাপাশি বাইরে থাকা গাড়িটিও ভাঙচুর করা হয়। হামলার পরপরই এনসিপির নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে মাজারের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে যান।

    খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাজার প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় কড়া নিরাপত্তায় তিনি মাজার এলাকা ত্যাগ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা হন।

    ঘটনার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছেন। এছাড়া স্থানীয় সূত্রে কুষ্টিয়া পৌর ছাত্রদলের এক নেতার নাম হামলায় জড়িত হিসেবে উঠে আসে।

    তবে অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি জানান, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো ব্যক্তি নিজ দায়িত্বে এমন ঘটনা ঘটিয়ে থাকলে তার দায় দল নেবে না।

    কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

    বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন