রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) টানা চতুর্থ সপ্তাহের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সুপার সেল কার বাজার’। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও উইজার্ড শোবিজের আয়োজনে প্রতি শুক্রবারের এই নিয়মিত মেলায় প্রায় ৩০০টিরও বেশি গাড়ি প্রদর্শিত হয়।
সকাল থেকেই ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সমাগমে পুরো চত্বর মুখরিত হয়ে ওঠে। এ আয়োজনে বিভিন্ন ব্র্যান্ডের নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেলের পাশাপাশি নতুন যুক্ত হওয়া ইলেকট্রিক গাড়িও প্রদর্শিত ও বিক্রি হয়।
ক্রেতাদের সুবিধার্থে এক ছাদের নিচে গাড়ি টেস্ট ড্রাইভ, ফ্রিতে গাড়ির কারিগরি স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেকআপ) এবং মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি দরদামের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত ও নতুন গাড়ি কেনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অন-স্পট ঋণের সুযোগ থাকায় গ্রাহকরা বাড়তি স্বস্তি পাচ্ছেন।
আয়োজকরা জানিয়েছেন, ক্রেতা-বিক্রেতাদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় এই হাটের পরিসর ও সুবিধা আরও বৃদ্ধি করা হচ্ছে।
























