কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষাসহ ৩টি দাবি জানিয়েছেন নিহতের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে অপ্রতিমের মায়ের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন একই বিভাগের শিক্ষক ড. কামরুন নাহার শীলা।মানববন্ধনে ড. কামরুন নাহার শীলা জানান, অপ্রতিমের মা অসুস্থ থাকায় সরাসরি উপস্থিত হতে না পেরে তার মাধ্যমে তিনটি সুনির্দিষ্ট দাবি পাঠিয়েছেন:
১. পূর্ব শত্রুতার যোগসূত্র তদন্ত: অপ্রতিমের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ঘটনার প্রায় ১০ দিন আগে বিনা বেতনে চাকরি নেন মামলার এক আসামি ফাহাদ। এছাড়া ড. নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে একটি মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাং প্রধান তুহিনসহ কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছিলেন। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে অপ্রতিমকে হত্যা করা হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে।
২. ডিএনএ পরীক্ষার মাধ্যমে বয়সের সত্যতা যাচাই: গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক দাবি করা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষাসহ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে।
৩. আইন সংশোধন ও দৃষ্টান্তমূলক শাস্তি: প্রাপ্তবয়স্কের ছদ্মবেশে বা বয়সের সুযোগ নিয়ে যেন কোনো অপরাধী পার না পায়; প্রয়োজনে আইন সংশোধন করে হলেও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


























