| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নজরুলের বিরুদ্ধে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা
  • নজরুলের বিরুদ্ধে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

    ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে মেয়ে জামাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলার আবেদন করেছেন। গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় তাকে এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ কথা জানান। ডিসি ইবনে মিজান বলেন, মরিয়মের বাবা মেয়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করার আবেদন করেছেন।

    সেই আবেদনটি মামলার নথিভুক্ত করার কার্যক্রম চলছে। তিনি জানান, মরিয়মের বাবার করা মামলার আবেদনে তার মেয়ে জামাই মরিয়মের স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে আসামি করেছেন।

    এক প্রশ্নের জবাবে ডিসি মিজান বলেন, দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করা হতো কি না, বিষয়টি জিজ্ঞাসাবাদে হয়তো জানা যেতে পারে। তবে আপাতত এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এর আগে সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের আরেকটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়।

    তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

    আরও পড়ুন