ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে কথা বলতে দেওয়ার ঘটনাকে সরকার অপ্রত্যাশিত বলে মনে করছে। একই সঙ্গে তাকে ফেরত এনে দণ্ড কার্যকরের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বিচারে দণ্ডিত এবং তার জন্য সাজা অপেক্ষা করছে। বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে চায়।
ভারতে থেকে প্রতিনিয়ত সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারত থেকে সংবাদমাধ্যমের সঙ্গে যেভাবে কথা বলছেন, তা বাংলাদেশের সরকারের কাছে একেবারেই প্রত্যাশিত নয়। তাকে ফেরত না পাঠানো পর্যন্ত অন্তত এ ধরনের প্রকাশ্য বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা ভারত সরকারের দায়িত্ব ছিল।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমানে শেখ হাসিনা ভারতে কী ধরনের স্ট্যাটাস বা আইনি মর্যাদায় অবস্থান করছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত—যা হলো শেখ হাসিনার এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধ করা।

























