নতুন কোচ, নতুন চেহারার দল। তবে ম্যানচেস্টার সিটিতে পুরোনো সেই আর্লিং হালান্ডই আছেন। নরওয়ের এই তারকার ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোলেই কোভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের শতভাগ জয় ধরে রেখেছে সিটি।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে নবাগত কোভেন্ট্রির বিপক্ষে ২৬ মিনিটে হেডে গোল করেন হালান্ড। শেষ পর্যন্ত ওই গোলটিই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত। এই জয়ে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে নিখুঁত শুরু ধরে রাখল সিটি।
মোল্ডে, রেড বুল সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে ৩৮৪ ম্যাচে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ২৬ বছর বয়সী হালান্ড। এই মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসির লেগেছিল ৩৬৫ ম্যাচ। হালান্ডের চেয়ে বেশি ম্যাচ লেগেছে কিলিয়ান এমবাপ্পের ৩৯৮ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ৪৯৯।
তবে কোভেন্ট্রির বিপক্ষে হালান্ড আরও গোল করতে পারতেন বলে মনে করেন নিজেই। ম্যাচ শেষে ইএসপিএনকে তিনি বলেন, ‘ম্যাচ শেষ করে দেওয়ার জন্য আমার আরও গোল করা উচিত ছিল। কিন্তু তা করতে পারিনি। ফলে দলের জন্য ম্যাচটা কঠিন হয়ে যায় এবং শেষ পর্যন্ত কোভেন্ট্রিকে খেলায় টিকে থাকার সুযোগ দিয়েছি। প্রিমিয়ার লিগে সুযোগ কাজে লাগাতে না পারলে ম্যাচ কঠিন হয়ে যায়।’
দুই ম্যাচে তৃতীয় গোল করে নিজের দুর্দান্ত ছন্দও ধরে রেখেছেন হালান্ড। তার এমন পারফরম্যান্স মারেস্কার কাজও অনেক সহজ করে দেবে।
সিটি এবার দল পুনর্গঠনে ৪৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছে। পেপ গার্দিওলার পর নতুন যুগে সেই বড় অঙ্কের বিনিয়োগ চলেছে দলবদলের শেষ দিন পর্যন্ত। শেষ দিনে এনজো ফার্নান্দেজ ও ইলিমান দিয়েংকে দলে ভেড়ায় তারা। দুজনই কোভেন্ট্রির বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন। একাদশে ছিলেন আরেক বড় অঙ্কের গ্রীষ্মকালীন সংযোজন এলিয়ট অ্যান্ডারসনও।
নতুন সতীর্থদের প্রশংসা করে হালান্ড বলেন, ‘আমরা এমন অনেক খেলোয়াড়কে দলে এনেছি, যারা এই পর্যায়ের সঙ্গে পরিচিত। এনজো ফার্নান্দেজ জানে কীভাবে শিরোপা জিততে হয় এবং প্রিমিয়ার লিগে খেলতে হয়। সে সরাসরি দলে ঢুকে পড়বে। এলিয়টও একই রকম। সে দীর্ঘ সময় প্রিমিয়ার লিগে খেলেছে এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়েও খেলেছে। তাই শীর্ষ দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার আছে।’
নতুনদের দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে হালান্ড আরও বলেন, ‘আমাদের কিছু একটা গড়ে তুলতে হবে। তারা যখন সিটিতে এসেছিল, তখন আমি যেমন স্বাগত পেয়েছিলাম, তাদেরও তেমন স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করতে হবে। আমি সরাসরি এসে নিজের কাজটা করেছিলাম। ভালো খেলোয়াড়দের কাছ থেকে সেটাই প্রত্যাশা করা হয়।’
এদিকে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে তারা তিন পয়েন্ট এগিয়ে। আর্সেনাল রোববার চেলসির বিপক্ষে মাঠে নামবে।
দলে নতুন যোগ দেওয়া ইলিমান দিয়েংও সিটির হয়ে শুরুটা নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করেছি, এর চেয়ে ভালো আর কী হতে পারে।’


























