| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • তরুণদের হাত ধরেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • তরুণদের হাত ধরেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

    আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, “তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

    প্রধানমন্ত্রী বিশ্বচ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

    শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়া ও নতুন স্টার্টআপ শুরুর ইচ্ছা ব্যক্ত করলে প্রধানমন্ত্রী সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করতে কাজ করছে সরকার।

    বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দক্ষ জনশক্তি তৈরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বানও জানান তিনি।

    কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। বিশ্বের ১৮টি দেশের ৮৮টি স্বনামধন্য দল এতে অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ (MIST MAVIRAV) দল ১ম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

    প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা ৩য় স্থান লাভ করে। বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন