ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠক এবং দেশে সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এ সমাবেশ আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপারের মদদ রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার প্রায় দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব?
রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে রিজভী বলেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।
তাজউদ্দীন আহমদের কন্যার লেখা বইয়ের প্রসঙ্গ টেনে ১৯৭১ সালের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন রিজভী। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষীবাহিনী গঠন, বাকশাল প্রতিষ্ঠা এবং বিগত ১৭ বছরের শাসনামলে গুম, খুন, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ব্যাংকিং খাতে অর্থ লোপাটের কঠোর সমালোচনা করেন তিনি।
রিজভী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন।























