এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তবে পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলে ভর্তি আবেদনের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা আবেদন করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি আরও জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও একই সময়সূচি ও একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ডিনদের সূত্র জানায়, ইউনিটভিত্তিক ভর্তি শর্ত অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৩ বা ৩.৫ থাকলে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আবেদনের সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর এইচএসসির নির্ধারিত যোগ্যতা পূরণ করলে তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বহাল থাকবে। তবে শর্ত পূরণ করতে না পারলে আবেদন বিবেচিত হবে না।
এদিকে, নির্ধারিত আবেদন ফি দিয়েই অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে পরবর্তী সময়ে আবেদন বাতিল হলে ফি ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
























