রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বৃষ্টির ফলে আজ তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজকের দিনে এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।


























