| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • সৌদির প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাজ্য
  • হুতিদের সাম্প্রতিক হামলা

    সৌদির প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাজ্য

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

    ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছে দেশটি।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ অবস্থান জানান।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের ‘সংহতি’ প্রকাশ করেন মিলিব্যান্ড। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় সৌদি আরবের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জলপথের নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা আরও জোরদারের বিষয়ে একমত হন। পাশাপাশি চলমান সংকটের প্রভাব থেকে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন তারা।

    আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিরাপত্তা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন দুই মন্ত্রী। বিশেষ করে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যাতে বড় ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    সম্প্রতি ইয়েমেনের হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই সৌদি আরবের প্রতি যুক্তরাজ্যের এই প্রকাশ্য সমর্থনের ঘোষণা এলো।

    আরও পড়ুন