| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • বিদিশা এরশাদ গ্রেপ্তার
  • বিদিশা এরশাদ গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

    প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

    এর ভিত্তিতে আজ রাতে গুলশান থানাধীন এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় তার দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

    এর আগে ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।

    মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

    দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

    আরও পড়ুন