| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • তনু হত্যা মামলার তদন্তকারীকে আদালতে তলব
  • তনু হত্যা মামলার তদন্তকারীকে আদালতে তলব

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

    দীর্ঘদিন ঝুলে থাকা বহুল আলোচিত তনু হত্যা মামলায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করায় বিচার পাওয়ার আশায় বুক বাঁধছে তনুর পরিবার।

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই, ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আজ সোমবার কুমিল্লার আদালতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তনুর পরিবার ও সংশ্লিষ্ট সূত্র।

    আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

    তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে এখনই চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আদালতে তদন্তের কিছু বিষয় তুলে ধরা হবে, এর বেশি কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না।

    উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

    দীর্ঘ ১০ বছরেও মামলার রহস্য উদ্‌ঘাটন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তনুর পরিবার। মামলাটি থানা পুলিশ, ডিবি, সিআইডি ঘুরে বর্তমানে পিবিআইয়ের অধীনে তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।

    মামলার বাদী ইয়ার হোসেন বলেন, ১০ বছর ধরে অসংখ্যবার বিভিন্ন জায়গায় সাক্ষ্য দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। আজ আদালতে যাচ্ছি।

    মরার আগে মেয়ের হত্যার বিচার দেখে যেতে চাই।
    তদন্ত কর্মকর্তাকে আদালতে তলবের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন তনুর স্বজনরা। তবে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

    আরও পড়ুন