ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে চীনা রাষ্ট্রদূত আগামী ২-৩ এপ্রিল চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ওই পরামর্শ সভায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে নতুন পথ অন্বেষণ করা হবে বলে আশা করা হচ্ছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইডংয়ের সফরকালে উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘস্থায়ী সমর্থন এবং অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী রহমান আশা প্রকাশ করেন যে নতুন সরকার গঠনের পর এ সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

































