গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশনের-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশনের) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মো. শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

































