ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জামায়াত নেতার কুটূক্তি ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে তার কুশপুতুল দাহ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার রাতে এক নির্বাচনী জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনকে পূর্বে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।
এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যার কর্মসূচিতে ডাকসুর সদস্য হেমা চাকমা বলেন, মেয়েরা নিজেদের অধিকার নিয়ে, নিজেদের অর্থনৈতিক মুক্তি নিয়ে, সামাজিক মুক্তি নিয়ে আমরা এখনো যথেষ্ট পরিমাণে সচেতন।
নারীরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে খুব কষ্ট করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছে। সেই নারীদের নিয়ে এমন মন্তব্য গ্ৰহণযোগ্য নয়। তিনি বলেন, যেকোন প্রার্থী বা যেকোনো দলের নেতাকর্মী হোক না কেন, কেউ যদি নারীদের বিরুদ্ধে কমেন্ট করে তাহলে তার বিরুদ্ধে আমরা সব সময় থাকব। আমরা চাই নারীবান্ধব একটা বাংলাদেশ।
আমারা চাই ওই জামায়াতের নেতা যেন প্রকাশ্যে ক্ষমা চান। সলিমুল্লাহ মুসলিম হলের জিএস এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদমান আব্দুলাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থানসহ নানা ঘটনা। তাই এই বিশ্ববিদ্যালয় নিয় কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা মেনে নেব না।
তিনি আরও বলেন, ডাকসুর পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেখতে পাইনি। কিন্তু অন্য ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ জানানো হয়। আমি প্রত্যেক হল সংসদ থেকে বিবৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

































