বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা বারবার বলেছি।
তার নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে ধরনের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নজিরবিহীন।
বিএনপি আগামীতে ক্ষমতায় পেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করবে।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে যেন সূক্ষ্ম কারচুপির কোনও সুযোগ না থাকে, সেটি নিশ্চিত করা সরকার ও কমিশনের প্রধান দায়িত্ব। জনগণ যেন ভয়হীন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে রুহুল কবির রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

































