| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
  • পঞ্চগড়

    টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

    দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কখনো মৃদু, কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জেলাজুড়ে বিরাজ করছে কনকনে শীত। সূর্য কখনো উঁকি দিলেও আবার মেঘের আড়ালে লুকিয়ে যাওয়ায় জনজীবনে শীতের দাপট কমছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা।

    তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রাও অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
    রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

    সরেজমিনে দেখা যায়, মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকালে সূর্যের দেখা মিলছে।

    তবে রাতভর এবং ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকে। এর সঙ্গে উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়ালে কিছুটা স্বস্তি মিললেও তীব্র শীত কাটছে না পুরোপুরি।

    আবহাওয়া অফিসের তথ্যে জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার (১০ জানুয়ারি) তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩ ডিগ্রিতে। আর রোববার (১১ জানুয়ারি) আবার কমে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাত–দিনজুড়ে উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।

    জানুয়ারি মাসজুড়েই শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    আরও পড়ুন