বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যার সমাধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ আশা ব্যক্ত করেন।
আমীর খসরু বলেন, আড়াই ঘণ্টার বৈঠকে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে যে পর্বতসম সমস্যা রয়েছে, সেগুলো তারেক রহমানের সামনে তুলে ধরেছেন। বিনিয়োগ না হওয়া, কর্মসংস্থান কমে যাওয়া, ক্যাপিটাল মার্কেটের সংকটসহ বড় ধরনের সমস্যার কথা ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি তুলে ধরেছেন।
তিনি বলেন, সরকার গঠন করতে পারলে আগামীতে ব্যবসা-বাণিজ্যের কষ্ট কমানো সম্ভব। আমলাতন্ত্রের জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের হার এবং দুর্নীতির কারণে ব্যবসার কষ্ট বাড়ছে। এসব সমস্যার প্রভাব সরাসরি জনগণের ওপর পড়ছে। ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করতে পারছেন না, তখন বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবে -এ প্রশ্নও ওঠে।
বিএনপির নীতিগত প্রস্তুতির কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব নীতিমালা বিএনপি ইতোমধ্যে প্রণয়ন করেছে। এসব নীতিমালা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যত বড় সংস্কার হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলে হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি ব্যবসাবান্ধব রাজনৈতিক দল। বড় ধরনের যে সংস্কার প্রয়োজন, তা বাস্তবায়নে বিএনপি নীতিমালাগতভাবে প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরা বিএনপির নীতিমালা নিয়ে খুবই সন্তুষ্ট এবং বিএনপির ওপর তাদের আস্থা রয়েছে।
আমীর খসরু মাহমদু চৌধুরী বলেন, বিএনপির শাসনামলে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়নি, ব্যাংক লুটপাট হয়নি এবং অর্থপাচারের ঘটনাও ঘটেনি। এ কারণেই ব্যবসায়ীরা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

































