সাংবাদিকতার নীতি-নৈতিকতার অবক্ষয়ের প্রভাব অন্য পেশার তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকতা মানুষের কাছে সত্য তুলে ধরার পাশাপাশি জনগণকে সচেতন করা এবং দেশ ও জাতির ভুল-ত্রুটি চিহ্নিত করে সঠিক পথের দিকনির্দেশনা দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
তাই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজের বিভিন্ন পেশায় নীতি-নৈতিকতার অবক্ষয় ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে সাংবাদিকতার ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। কারণ, সাংবাদিকতা মানুষের কাছে সত্য তুলে ধরে। এর মাধ্যমে জনগণ জানতে পারে, একটি জাতি ও দেশ হিসেবে কোথায় ভুল হচ্ছে এবং কোন পথে এগোনো উচিত।
তিনি বলেন, সাংবাদিকতার নৈতিকতা নিয়ে অতীতেও অনেক প্রশ্ন উঠেছে, এখনো উঠছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষের ক্ষেত্রেও নৈতিকতার প্রশ্ন রয়েছে। তবে সাংবাদিকতার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্মোহ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রী বলেন, পুরস্কার প্রদানের জন্য গঠিত বিচারক প্যানেলের প্রায় সবাইকে তিনি চেনেন। তাঁর বিশ্বাস, প্যানেল একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিজয়ীদের নির্বাচন করেছে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রশ্নবিদ্ধ অবস্থান থেকে বেরিয়ে আসতে ভূমিকা রাখবে।
বর্তমান সময়ে সাংবাদিকতা আরও জটিল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের পাশাপাশি ব্যক্তিগত ও নাগরিক সাংবাদিকতার বিস্তার ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মানুষ এখন তথ্যের ভিড়ে কোনটি সঠিক সংবাদ আর কোনটি ভুল, তা যাচাই করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সঠিক তথ্য, গ্রহণযোগ্য সংবাদ ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সাংবাদিকদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা তৈরি করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের মধ্যে সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নৈতিকতা থাকতে হবে। এই দায়িত্ব শুধু সাংবাদিকদের একার নয়, সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সবারই এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে।
আমির খসরু বলেন, রাজনীতিবিদ বা সরকার পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ। একজন রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে নিজেদের আরও তথ্যসমৃদ্ধ করার সুযোগ হিসেবে নেওয়া উচিত। এ ধরনের মতামত সরকারকে আরও ভালো ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় খুবই গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের সঙ্গে আগের মতো সময় দিতে না পারায় ব্যক্তিগতভাবে তার আক্ষেপ হয়। তবে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। সাংবাদিকদের সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট অবস্থানের মধ্যে আটকে রেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সমালোচনা ও স্বাধীন মতামতকে গ্রহণ করে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানো উচিত।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে আমীর খসরু বলেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকতার মান ও গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদ প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদ, জুরি বোর্ডের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও-এই চার মাধ্যমে মোট ২২টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। এর বাইরে সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে।
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবার প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন বিভাগে মোট ২২ জন সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন।























