সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। শুনানিতে তার বিরুদ্ধে অন্তত ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউশনের দাবি, বিভিন্ন সময়ে তিনি ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে গুমের ঘটনায় বিচার শুরুর পর এই প্রথম কোনো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হলো। জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তার সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, অভিযুক্তের সঙ্গে সরাসরি কাজ করেছেন এবং ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিলেন- এমন কয়েকজন সামরিক কর্মকর্তাকে সাক্ষী করা হয়েছে। তাদের সাক্ষ্যে জিয়াউল আহসানের কর্মকাণ্ড, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা এবং সহযোগীদের ভূমিকার বিষয়গুলো উঠে এসেছে।
সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, জিয়াউল আহসান সেনাপ্রধানের নিয়ন্ত্রণও মানতেন না। তার সহযোগী কমান্ডার সোহেল এবং কয়েকজন সাংবাদিককে নিয়ে বিভিন্ন অভিযানে যাওয়ার তথ্যও সাক্ষ্যে উঠে এসেছে। এসব অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করে সাংবাদিকদের মাধ্যমে ভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হতো বলে প্রসিকিউশনের দাবি।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চালিয়েছেন। রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে তাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার গুরুত্ব শুধু একজন সাবেক সামরিক কর্মকর্তার বিচারেই সীমাবদ্ধ নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ও পদমর্যাদা ব্যবহার করে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়াতে না পারে, সে জন্য দৃশ্যমান বিচার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে তার সহকর্মী সামরিক কর্মকর্তারাও সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ অন্যায়ের বিরুদ্ধে বিবেকের তাড়নায় অবস্থান নিয়েছেন। সাক্ষ্যে তার পদোন্নতি, প্রভাব-প্রতিপত্তি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ও উঠে এসেছে। অবৈধ সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পৃথক কার্যক্রম রয়েছে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তার সমাপনী যুক্তিতর্কে বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের নজির তুলে ধরা হবে।
এদিকে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলাটির প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে কৃতজ্ঞতা জানান বর্তমান চিফ প্রসিকিউটর। আসামি গ্রেপ্তার থেকে শুরু করে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া পর্যন্ত তার প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি।
আগামীকালও এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত থাকবে। অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।

























