| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • সর্বনিম্ন পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
  • সর্বনিম্ন পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তাঝুঁকি ও সামরিক উত্তেজনা থাকলেও বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার আশঙ্কায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে জ্বালানি পণ্যটির দাম।

    আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে এসব দর রেকর্ড করা হয়।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

    তবে বাজারে দাম কমলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

    এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

    বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ এবং চাহিদার তুলনায় উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কা দাম কমার প্রধান কারণ। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

    তথ্যসূত্র: রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল

    আরও পড়ুন