| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ২০২৫-এর সশস্ত্র বাহিনী দিবসই ছিল খালেদা জিয়ার শেষ অনুষ্ঠান
  • প্রধানমন্ত্রী তারেক রহমান

    ২০২৫-এর সশস্ত্র বাহিনী দিবসই ছিল খালেদা জিয়ার শেষ অনুষ্ঠান

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

    সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের সর্বশেষ অনুষ্ঠান।

    আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    বক্তব্যের শুরুতে ব্যক্তিগত স্মৃতিকাতরতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।

    দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি কখনো প্রধানমন্ত্রী, কখনো বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন।

    তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে এসে বারবার আমার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।”

    এ সময় একজন সন্তান হিসেবে উপস্থিত সবার কাছে মায়ের মাগফিরাত কামনায় দোয়া চান প্রধানমন্ত্রী।

    দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ গড়ে তুলেছিল।

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, যা বাহিনীর জন্য অনন্য গৌরব ও প্রেরণার উৎস।

    সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা অর্জনে সরকার ইতোমধ্যে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

    আরও পড়ুন