খুলনায় পৃথক দুটি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুই নেতা হলেন রূপসার মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার এবং নগরীর ফুলবাড়ীগেট এলাকার এ টি এম লাইসুজ্জামান (৫০)। এর মধ্যে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার সেনেরবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনিরুজ্জামান ওরফে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন।
এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মনির মাস্টার খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আটক মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হবে।
নগরীর ফুলবাড়ীগেটের ঘটনা:অন্যদিকে, শনিবার সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেট এলাকার জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে এ টি এম লাইসুজ্জামানকে গণপিটুনি দেন স্থানীয়রা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় মিরাজ নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, মিরাজ নামের একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে ককটেল তৈরির সরঞ্জাম বা লাইসুজ্জামানের ওপর হামলার বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


















