উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ওঠানামা করছে তাপমাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বইছে হিমেল বাতাস।
সেই সঙ্গে মাঝেমধ্যে পড়ছে হালকা থেকে ঘন কুয়াশা। তবে একদিন মেঘাচ্ছন্ন থাকার পর বুধবার সকালে আবারও সূর্যের দেখা মিলেছে। একই সময়ে কমেছে তাপমাত্রাও।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনে প্রভাব পড়েছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ শীতল বাতাস ও কুয়াশার কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। দিনের বেলায় রোদের কারণে আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের অনুভূতি। মঙ্গলবার রাতেও ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেন্দ্র নাথ রায় বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বুধবার একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এদিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়ার এই পরিবর্তনে উত্তরের জনপদে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে।


























