রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনকে পুঁজি করে সংঘর্ষ ও নাশকতার চেষ্টা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি বলেন, কয়েক দিন ধরে পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলনকারীরা সহিংস হয়ে উঠেছেন। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ডিসি রাকিব খানের দাবি, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্য থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাওয়া গেছে। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আলিফই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসব নেতাকর্মীকে ঢাকায় এনেছেন।
তিনি জানান, নাশকতার চেষ্টায় সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

























