| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
  • বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

    রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

    রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এসব কথা জানান।

    শ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে মহিদুল ইসলাম বলেন, এখন বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কার্যক্রম পরিচালিত হবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এরপরও তারা সড়ক ছাড়ছিলেন না।

    তিনি বলেন, পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

    পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে নিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরানো হয়েছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, জনভোগান্তি কমাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান তিনি।

    আরও পড়ুন