| |
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় প্রেস ক্লাব
  • ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় প্রেস ক্লাব

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ণ

    বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

    সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এই উপলক্ষে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গণ সাজানো হয়েছিল বর্ণিল আলোকসজ্জায়।

    জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার, ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির সদস্য কাজী রওনক হোসেন, মোমেন আহমেদ, শাহনাজ পলি ও এমকেএম মহসীনসহ ক্লাবের সাবেক নির্বাহী সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

    অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক ভূমিকা এবং গণতন্ত্রের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরেন।

    আমান উল্লাহ আমান বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাতীয় প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পক্ষে লেখনীর মাধ্যমে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    তিনি আরও জানান, ১৯৭১ সালে যাদের লেখনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে উঠেছিল, সেই সময়ের স্মৃতির সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও জড়িয়ে রয়েছে।

    আব্দুস সালাম বলেন, সাংবাদিকতা ও সংবাদমাধ্যম দেশের অবিচ্ছেদ্য অংশ। সংবাদমাধ্যম চাইলে দেশকে এগিয়ে নিতে পারে, আবার পিছিয়েও দিতে পারে। জাতীয় প্রেস ক্লাব তার অতীত ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    কবি হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেস ক্লাব ৭২ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। গণতন্ত্র এখনো বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা যেন গণতন্ত্রকে তার সুনির্দিষ্ট পথরেখায় এগিয়ে নিয়ে যেতে পারি, সে দায়িত্ব সবার।

    উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৭ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবারের মূল আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    আরও পড়ুন