অপরাধীকে প্রশ্রয় না দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক শৃঙ্খলার জন্য এক স্পষ্ট বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদে বহাল থাকা ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি পদত্যাগ করেননি এবং দলের বিপক্ষে ভোটও দেননি। ফলে জামায়াত সাংগঠনিক ব্যবস্থা নিলেও আইন অনুযায়ী তিনি সংসদ সদস্য হিসেবে বহাল রয়েছেন।
বিপরীতে বিএনপির পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণে একজন এমপি পদ হারালেন—এটি একটি বড় বিষয়। সাধারণ মানুষের অভিযোগ থাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা দলের অপরাধীদের প্রশ্রয় দেন। কিন্তু তারেক রহমানের এ ভূমিকা প্রমাণ করল, অপরাধে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তিনি কাউকে ছাড় দেবেন না।’
রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া কোনো দেশে সঠিক নিয়ম প্রতিষ্ঠা সম্ভব নয়। কোনো একটা খারাপ কাজ পুরো অর্জনকে ম্লান করে দিতে পারে।
তারেক রহমানের এই পদক্ষেপ দেশের সকল রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকের জন্য একটি স্পষ্ট বার্তা—রাষ্ট্রের ক্ষতি বা অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’


























