যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বাসস্থান হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার বিস্তার এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।



























