| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ঋণখেলাপিদের ১৫ বছরের বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ঋণখেলাপিদের ১৫ বছরের বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

    বড় ঋণখেলাপিদের ১৫ বছরে ঋণ শোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে বিশেষ নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বড় আকারের ঋণগ্রহীতারা বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুবিধা পাবেন।

    নতুন নির্দেশনার প্রধান শর্ত ও সুবিধাসমূহ ১ হাজার কোটি টাকার বেশি ঋণ: কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের সম্মিলিত ঋণস্থিতি ১,০০০ কোটি টাকা বা তার বেশি হলে সর্বোচ্চ ২ বছর গ্রেস পিরিয়ডসহ (ঋণ পরিশোধ স্থগিতের সময়) মোট ১৫ বছর পর্যন্ত ঋণ পুনঃতফসিল করা যাবে।

    বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান নির্ধারিত মেয়াদের অতিরিক্ত আরও সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে। আবেদন করা ঋণের স্থিতি ১,০০০ কোটি টাকার কম হলে বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এ নির্ধারিত আগের মেয়াদ ও শর্ত বহাল থাকবে।

    নীতি সহায়তার জন্য প্রয়োজনীয় ডাউনপেমেন্ট জমা দিয়ে নতুন করে আবেদন করার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬। ব্যাংকগুলোকে এসব আবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ব্যাংকিং আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে এই নির্দেশনাসংবলিত সার্কুলার লেটার জারি করা হয়েছে। এর আগে নীতি সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় শর্ত মেনে বাড়তি মেয়াদের এই সুবিধা উপভোগ করতে পারবে।

    আরও পড়ুন