সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে আগামীতে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, আগামী নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ ও বিশ্বাসযোগ্য হয় এবং সেখানে ৭০ অনুচ্ছেদ না থাকে, সে লক্ষ্যে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ। একই ব্রিফিংয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি।
৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ ও বিশ্বাসযোগ্য হয় এবং সেখানে যেন ৭০ অনুচ্ছেদ না থাকে, সে লক্ষ্যে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে। আমরা সংবিধান সংশোধন করে ৭০ অনুচ্ছেদ ছাড়াই আগামীতে নির্বাচিত হব।
বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এই সংবিধান অনুযায়ীই শপথ নিয়েছি, নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং ভোট হয়েছে। তাই হুট করে চাইলেই ৭০ অনুচ্ছেদ বাদ দেওয়ার সাধ্য আমাদের নেই।
তবে আগামী দিনে সংবিধানের এ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগের ইঙ্গিত দেন চিফ হুইপ।
এর আগে প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নুরুল ইসলাম।

























