বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের বার্ষিক আয় ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। শিক্ষকতা ও অন্যান্য খাত থেকে তিনি এই আয় করেন। এ ছাড়া তার সম্পদ রয়েছে ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকার।
ঢাকা-১৩ আসনের প্রার্থী হিসেবে তার জমা দেওয়া হলফনামা থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, মামুনুল হকের হাতে নগদ অর্থ আছে ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা। ব্যবসা বাবদ বছরে আয় ৬ লাখ ৫৮ হাজার ৪৪৪ টাকা, পেশা শিক্ষকতা। বছরে ৬ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা আয় করেছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি মাস্টার্স/এমবিএ উল্লেখ করেছেন। তার নামে মামলা হয়েছিল ৩৮টি।
হলফনামায় আরও বলা হয়েছে, খেলাফত মজলিসের এই নেতার ব্যাংকে কোনো টাকা নেই। বন্ড ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ারের পরিমাণ এক লাখ টাকা। দুই লাখ টাকার আসবাবপত্র আছে, নেই আগ্নেয়াস্ত্র।
৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা মূল্যের অকৃষি জমি আছে। বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন, কৃষি জমি নেই। আয়কর রিটার্নে আয়ের পরিমাণ ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা দেখিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৯৫ টাকা। আয় কর দিয়েছেন ৪৯ হাজার ৩৪ টাকা।































