| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • সর্বোচ্চ নিট পেনশন বেড়ে ৭০,২০০ টাকা
  • পেনশনে বাড়ছে বৈষম্যহীন সুবিধা

    সর্বোচ্চ নিট পেনশন বেড়ে ৭০,২০০ টাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

    অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন সুখবর এনেছে সরকার। সংশোধিত ও নতুন স্কেলের আওতায় নিট পেনশনের সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।

    অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি পেনশন ও অবসরকালীন সুবিধার নিয়মাবলীতে এ সংক্রান্ত নির্দেশ জারি করেছে। নতুন এ নির্দেশনায় কম পেনশন পাওয়া অবসরভোগীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে পেনশন বাড়ানোর বিধান রাখা হয়েছে, যেন নিম্ন ধাপে থাকা সাবেক কর্মচারীরা অর্থনৈতিকভাবে বেশি উপকৃত হতে পারেন।

    গতকাল বুধবার (১১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. ফেরদৌস আলম যুগ্মসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৬ সালের ৩০ জুনে একজন পেনশনভোগী যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

    নতুন নিয়মের প্রধান মূল বিষয়সমূহ:

    সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা: নতুন নিয়ম অনুযায়ী নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার টাকার নিচে হবে না। আর সর্বোচ্চ সীমা পৌঁছাবে ৭০ হাজার ২০০ টাকায়। ধাপ অনুযায়ী বৃদ্ধি: যাদের পেনশন তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। ধাপে ধাপে বৃদ্ধির পর যাদের নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৭০,২০০ টাকায় দাঁড়াবে।

    পারিবারিক পেনশন বণ্টন: একাধিক পারিবারিক পেনশনভোগী (যেমন: একাধিক যোগ্য স্ত্রী) থাকলে মূল পেনশনভোগীর নিট পেনশনকে ভিত্তি ধরে সবার মধ্যে আনুপাতিক হারে পেনশন বণ্টন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    কার্যকারিতা ও সমন্বয়: ২০২৬ সালের ১ জুলাইয়ের পর থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) সম্পন্ন করা ও নতুন অবসরে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রে এ আদেশ কার্যকর থাকবে।

    নতুন এই কাঠামোর ফলে নিম্ন ও মধ্যম স্তরের অবসরভোগীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার স্বস্তি অনেকখানি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন