| |
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধ লালন করতে তথ্যমন্ত্রীর আহ্বান
  • সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধ লালন করতে তথ্যমন্ত্রীর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

    অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বৈচিত্র্যপূর্ণ এ ধরনের বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, দেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বড় প্রভাব রয়েছে। কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি চর্চা প্রমাণ করে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মানুষকে দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন করার মানসিকতা ইসলাম সমর্থন করে না। উপমহাদেশের মতো অঞ্চলে শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতির ভূমিকা অপরিসীম।

    জাতীয় প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী আরও জানান, প্রেসক্লাব কর্তৃপক্ষ খুব শিগগিরই একটি বাউল সংগীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। কাওয়ালী ও বাউল সংগীতের মেলবন্ধনের মাধ্যমে জাতীয় প্রেসক্লাব দেশের প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছে।

    গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের সার্বিক কল্যাণে সরকার ও প্রেসক্লাব এক হয়ে কাজ করবে।

    জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

    ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী, কামাল উদ্দিন সবুজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, দৈনিক মানবজমিন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য।

    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএফইউজে-এর মহাসচিব কাদের গনি চৌধুরী এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

    আরও পড়ুন