| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কে থাকছেন বিএনপির প্রার্থীর তালিকায় মোশাররফ নাকি ফখরুল
  • ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

    কে থাকছেন বিএনপির প্রার্থীর তালিকায় মোশাররফ নাকি ফখরুল

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। নির্বাচন কমিশন (ইসি) থেকে বিএনপির পক্ষ থেকে আজ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকেই এ নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

    তবে এখন পর্যন্ত বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে বিএনপি কাকে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে, সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম দুটি তোলা হয়। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে দুটি ভিন্ন চিত্র উঠে আসে।

    কিছু প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হতে পারে। অন্যদিকে, অপর একটি সূত্রে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনার শীর্ষে রয়েছে বলে খবর প্রকাশিত হয়।

    বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থীর বিষয়ে দলের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মহাসচিবের নাম আসার প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়নের বিষয়ে আমরা চূড়ান্ত কিছু না জানলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসতেই পারে”।

    এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে মির্জা ফখরুল জানান যে এ বিষয়ে তিনি নিজে কিছু জানেন না এবং দলের পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মতে, স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রধানকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

    তাই দলের শীর্ষ পর্যায় থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বর্তমানে একাধিক যোগ্য নেতার নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত নাম ঘোষণার পরই কাটবে এই কৌতূহল।

    আরও পড়ুন