| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ভুয়া এজেন্ট থেকে সতর্ক করেছে হাইকমিশন
  • ভুয়া এজেন্ট থেকে সতর্ক করেছে হাইকমিশন

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

    বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা। এ বিষয়ে অস্ট্রেলিয়াগামীদের সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

    শনিবার (৮ আগস্ট) এক বার্তায় অস্ট্রেলিয়াগমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের এ বিষয়ে সতর্ক করে হাইকমিশন।

    বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা প্রতারণার ফাঁদে ফেলছে। ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায় হিসেবে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

    নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। হাইকমিশন জানায়, নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়।

    এর মধ্যে রয়েছে-সেবা অনুযায়ী ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া, কী কী সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে তা লিখিতভাবে জানানো এবং ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

    একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন অথরিটির (MARA) ওয়েবসাইটে প্রকাশিত ভোক্তা নির্দেশিকা দেখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

    আরও পড়ুন