লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া অস্থির রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামী কয়েক দিনও বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে প্রথম দুদিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর দিনের তাপমাত্রা সামান্য কমে আবার পরবর্তী সময়ে কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
























