বয়স ৩৯ ছুঁয়েছে ঠিকই, কিন্তু মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ নেই। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি জানিয়ে দিলেন, এখনই বুটজোড়া তুলে রাখার কোনো পরিকল্পনা তার নেই। যতদিন মাঠে অবদান রাখতে পারবেন এবং শারীরিকভাবে ফিট থাকবেন, ততদিন খেলা চালিয়ে যাবেন। এমনকি ২০৩০ সালের বিশ্বকাপেও তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই খুদে জাদুকর।
নিজের ৩৯তম জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। আলবিসেলেস্তেদের হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর মার্লে এবং ইয়ান লুকাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আরও কিছুদিন খেলা চালিয়ে যাব।
যতদিন দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো বোধ করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন আমি খেলে যাব।’ ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘আমি জানি না।
সত্যি বলতে, এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না। ওটা এখনও বেশ দূরের বিষয় বলে মনে হয়। তবে আমি সবসময় বর্তমান নিয়ে ভাবি এবং প্রতিটি দিন ধরে ধরে এগোতে পছন্দ করি।’ চলতি বিশ্বকাপে মেসির শুরুটা হয়েছে রূপকথার মতো। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও করেছেন জোড়া গোল।
টুর্নামেন্টে আর্জেন্টিনার করা সবগুলো গোলই এসেছে তার পা থেকে। মাত্র দুই ম্যাচে ৫ গোল করার মাধ্যমে এক অনন্য ইতিহাস গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি গোল করে তিনি এখন সর্বকালের সেরা গোলদাতা। একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি (২৮টি) ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে।
ইতিমধ্যেই নকআউট পর্ব এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আগামী রোববার সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া এশিয়ান পরাশক্তি জর্ডান।


























