১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলা
  • এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়: মোসাদ্দেক
  • এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়: মোসাদ্দেক

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ

    একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়া ম্যাচের একটি মুহূর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে একবারই জিতেছিল তারা—২০০৫ সালে কার্ডিফে, মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক ইনিংসে।

    এত বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তাই নিঃসন্দেহে বিশেষ কিছু। মোসাদ্দেক হোসেন সৈকতের কাছেও এই জয় ঐতিহাসিক। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন চার বছর পর জাতীয় দলে ফিরে দলের জয়ের নায়ক হয়ে ওঠা এই অলরাউন্ডার।

    ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে সিরিজ জয় নিয়ে মোসাদ্দেক বলেন, ‘এটা অবশ্যই ঐতিহাসিক জয়। তবে আমার মনে হয়, সিরিজ জয়েরও দারুণ সুযোগ আছে আমাদের সামনে। আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে সেটা সম্ভব। সেই বিশ্বাসটা দলের সবার মধ্যেই থাকতে হবে।’ বাংলাদেশ শুরুতে যেভাবে ব্যাটিং করছিল, তাতে মনে হচ্ছিল অনায়াসেই ৩০০ রান পেরিয়ে যাবে। যদিও শেষ পর্যন্ত তারা করতে পেরেছে ২৮৪ রান।

    মোসাদ্দেকের মতে, লিটন দাস দ্রুত আউট হয়ে যাওয়াতেই কিছুটা পিছিয়ে গেছে দল।, ‘চাপের দিক থেকে চিন্তা করলে এটা আমার সেরা ম্যাচগুলোর একটি। উইকেটটা ৩০০-৩২০ রানের ছিল। আমরা ড্রেসিংরুমেও সেটা নিয়ে কথা বলছিলাম। লিটনের উইকেটটা ওই সময়ে না পড়লে আমরা আরও বড় সংগ্রহ গড়তে পারতাম।’

    ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সব ম্যাচেই হেরেছিল। এবার অস্ট্রেলিয়া আসার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যেমন রোমাঞ্চ ছিল, তেমনি ছিল চ্যালেঞ্জের অনুভূতিও। শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই অজিদের হারিয়েছে স্বাগতিকরা।

    তবে ম্যাচে নামার আগে চাপ ছিল বলেই জানিয়েছেন মোসাদ্দেক, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই সহজ নয়। আর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেললে চাপটা আরও বেশি থাকে। তারা সবসময় নিজেদের পরিকল্পনায় অটল থাকে। আমার মনে হয়, আমাদের পরিকল্পনাও ভালো ছিল। শুধু ২০-২৫ রান কম করেছি।’

    অস্ট্রেলিয়াকে হারানোর অন্যতম নায়ক ছিলেন মোসাদ্দেক। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলার পর বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন দুটি উইকেট। বিশেষ করে ব্যাটিংয়ে তাঁকে দেখা গেছে বেশ আক্রমণাত্মক মেজাজে।

    এমন ব্যাটিংয়ের রহস্যও জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘ম্যাচের আগে মোহাম্মদ সালাউদ্দিন স্যার ও আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তাঁদের বার্তা খুব পরিষ্কার ছিল পরিস্থিতি যাই হোক, আমাদের রান তুলতে হবে। ৪০ রানে ৪ উইকেট পড়লে ধীরগতিতে খেললে ১৬০-১৭০ রান হবে, যা ওয়ানডেতে যথেষ্ট নয়।

    আবার ২০০ রানে ৪ উইকেট পড়ার পরও যদি স্বাভাবিক গতিতে খেলি, তাহলে ২৬০-২৭০ রান হবে। ভালো উইকেটে আমাদের লক্ষ্য হওয়া উচিত ৩০০-৩২০ রান। ড্রেসিংরুম থেকে সেই বার্তাই ছিল, যত বেশি সম্ভব রান করতে হবে।’

    আরও পড়ুন