বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্তে ল্যন্ড মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তে এ ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি, ক্যাম্প-১ এর বাসিন্দা মো. আনুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্ত পিলার ৪০ এর পশ্চিমে ৭০০ গজ বাংলাদেশের ভেতরে জমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবদুল খালেক।
এ সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখম হয়। এ অবস্থায় অন্য শ্রমিকরা আবদুল খালেককে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























