ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ রোববার (২৪ মে) বিক্রি করা হবে আগামী ৩ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট ২৩ মে। এ ছাড়া ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট, অর্থাৎ ৪ জুনের আসনের টিকিট বিক্রি করা হবে আগামী ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।






























