৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • বলিউডে লম্বা নায়িকা পূজা বাত্রা
  • বলিউডে লম্বা নায়িকা পূজা বাত্রা

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ

    প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা নায়কের চেয়েও লম্বা। বলিউডে লম্বা নায়িকাদের মধ্যে অন্যতম পূজা বাত্রা, টাবু ও শিল্পা শেঠি। যাদের দেখে অনেকেই ঈর্ষান্বিত। এই উচ্চতার কারণে কখনও কখনও পছন্দের নায়কের সঙ্গে যেমন জুটি বাঁধতে সমস্যা হয়, আবার কখনও কখনও ভালো সিনেমাও হাতছাড়া হয়ে যায়।

    অভিনেত্রী পূজা বাত্রার সঙ্গেও এমনই কিছু ঘটনা ঘটেছিল। উচ্চতার কারণে পূজা বাত্রা শুধু কয়েকটি বড় সিনেমাই হারাননি। বরং, অনেক অভিনেতা তার সঙ্গে কাজ করতেও দ্বিধাবোধ করতেন। তবে এমন সময়ে বলিউড ভাইজান সালমান খানের সাপোর্ট পেয়েছিলেন পূজা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা। রুপালি পর্দায় নায়কের চেয়ে লম্বা না দেখানোর জন্য কী কী চেষ্টা করতে হয়েছিল? সে বিষয়েও মুখ খুলেছেন এই নায়িকা।

    অভিনেত্রী সঙ্গীতা বিজলানি একবার পূজাকে বলেছিলেন, লম্বা হওয়ার কারণে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার কোনও সুযোগ নেই। পূজার মতে, নায়কের উচ্চতার সঙ্গে মেলানোর জন্য তাকে অনেকবার পা ছড়িয়েও অভিনয় করতে হয়েছে।

    পূজা বলেন, ‘ব্যাপারটা খুব কঠিন ছিল। আমার মনে আছে, সঙ্গীতা বিজলানি আমাকে বলেছিলেন- উচ্চতার কারণে সিনেমায় আমার কোনও সুযোগ নেই। উনি আমার কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব। অত্যন্ত সুন্দরী একজন মডেল। অভিনেতারা আমার উচ্চতা দেখে ভয় পেলেও, প্রতিটি চরিত্রে আমি নিজের সেরাটা দিয়েছি। এটা সত্যি যে আমার উচ্চতার কারণে আমি অনেক সিনেমায় চান্স পাইনি। অনেক ভালো চরিত্রও হারিয়েছি।’

    নিজেকে অভিনেতাদের চেয়ে খাটো দেখানোর জন্য পা ছড়িয়ে বসতে হতো পূজাকে। এ বিষযে তিনি বলেন, ‘নায়ককে লম্বা দেখানোর জন্য আমি ক্যামেরার সামনে পা ছড়িয়ে দিতাম। দৃশ্যের মাঝে আমাকে পা ছড়িয়ে বসতে হতো। সালমান খানের যদিও লম্বা বা খাটো নিয়ে কোনও সমস্যাই ছিল না। তিনি শুধু বলতেন, ‘হিল পরো, আমার কোনও সমস্যা নেই।’ কারণ, নিজের উপর সালমানের পূর্ণ আস্থা ছিল।’

    কর্মজীবনে সালমান খান, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, অক্ষয় কুমার এবং গোবিন্দার মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন পূজা। তিনি সালমানের সঙ্গে দুটি এবং সঞ্জয় দত্তের সঙ্গে চারটি সিনেমায় অভিনয় করেছেন।

    মডেলিং দিয়ে কর্মজীবন শুরু পূজার। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। এরপর মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৯৫ সালে তামিল চলচ্চিত্র ‘আসাই’-এর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী।

    আরও পড়ুন